ময়মনসিংহের ভালুকায় বাশার স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ১১টার দিকে খবর আসে বাশার স্পিনিং মিলে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি।
এতে ভালুকার দুটি ইউনিটসহ গফরগাঁও, ত্রিশাল, বাকৃবি ও ময়মনসিংহ থেকে আসা মোট ৭টি ইউনিট আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি মিলের ৫০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাশার স্পিনিং মিলের জিএম স্বপন আহমেদ বলেন, কারখানাটি ৩ শিফটে চলে। অগ্নিকাণ্ডের সময় কারখানা চালু ছিল। টিনশেড সেমিপাকা ভবনে কারখানার পরিচর্যা করা হতো। ঘটনার সময় সিলিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বিষয়টি শ্রমিকরা বুঝে ওঠার আগেই ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। সিলিংয়ে বিদ্যুতের সংযোগ ছিল, সেখান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে। ওই ফ্লোরে ৬০০ শ্রমিক কাজ করত। কারখানা আপাতত বন্ধ রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।


