ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় তরুণদল নেতা মো. মুক্তাদির (৫৫) নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ দলনেতা বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মুক্তাদির উপজেলার বোকাইনগর ইউনিয়ন শাখা তরুণ দলের সভাপতি। তার বাড়ি বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামে।
রোববার সকালে মুক্তাদির বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় যান। সেখান থেকে দুপুরে মুক্তাদির মোটরসাইকেলযোগে গৌরীপুর ফিরছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় মুক্তাদিরের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার এএসআই সালেহ আহমেদ নয়ন বলেন, খবর পেয়ে পুলিশ দুঘর্টনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার শিকার দুটি গাড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


