ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বাসের ধাক্কায় চতুর্মুখী সংঘর্ষ, নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বাস, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ৫-৬ জন গুরুতর এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি বাস উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন। এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস জব্দ করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হন ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই বাসের যাত্রী। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।