ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচে পড়া ভিড়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জ্বালানি তেলের সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশনে ভোর থেকে তেল বিক্রি করছে কর্তৃপক্ষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে ওই ফিলিং স্টেশনটিতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত দশ দিন যাবৎ নান্দাইল উপজেলার কানুরামপুর নামক স্থানে চৌধুরী ফিলিং স্টেশন এবং নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশন- দুটি বন্ধ ছিল। ফলে উপজেলার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম বিপর্যয় দেখা দেয়। অবশেষে মেসার্স হাজী ফিলিং স্টেশন যমুনা ওয়েল কোম্পানি থেকে ১০ হাজার লিটার তেল আমদানি করায় শনিবার থেকে পুনরায় তেল বিক্রি শুরু করেছে।

খবর পেয়ে ভোররাত থেকেই উপজেলার সহস্রাধিক মোটরসাইকেল পেট্রল ক্রয়ের জন্য স্টেশনের সামনে ভিড় করেন। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক মোটরসাইকেলকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকরা তেল সংগ্রহ করছেন।

এ বিষয়ে গ্রাহক সিরাজুল ইসলাম ও আরিফুল হক জানান, ‘দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করেছি। আমাদের মতো শত শত গ্রাহক লাইনে দাঁড়িয়ে রয়েছেন।’

নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশনের মালিক শেখ সেলিম বলেন, ‘১০ হাজার লিটার তেল পাওয়া গেছে। যে কারণে ৩০০ টাকার বেশি তেল দেওয়া যাচ্ছে না। অতিরিক্ত চাপ এড়াতে থানা পুলিশের সহায়তা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘মূলত বিশৃঙ্খলা এড়ানোর জন্য পুলিশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়।’