ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কর্মক্ষেত্রে ফেরা, ট্রেনের ছাদেও উপচে পড়া ভিড়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:৫১ পিএম
ট্রেনের ছাদের যাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের লম্বা ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে। ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস, বলাকা কমিউটার ও মহুয়া কমিউটারসহ প্রত্যেকটি ট্রেনের বগিতে লোকে-লোকারণ্য। প্রতিটি ট্রেনের নামাজখানা, ইঞ্জিন ও বিপজ্জনক পাওয়ারকারেও যাত্রী উঠতে দেখা যায়। দুই বগির জয়েন্টেও জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী উঠতে দেখা যায়।

ট্রেন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমতেহিনা ফেরদৌসী বলেন, সরকার বলে লোকসান। অথচ বসার উপায় নেই। টিকিট করেও দাঁড়িয়ে যাচ্ছি।

রোববার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহুয়া কমিউটার ও বলাকা কমিউটারেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের আয়েশা আক্তার জানান, স্বামী-সন্তান নিয়ে ঈদে বাড়ি আসছিলেন। আসতেও ভাড়া দ্বিগুণ দিতে হয়েছে। এখন যাচ্ছি ট্রেনে, টিকিট নেই। শুধু উন্নয়ন উন্নয়ন, গরিবের কোথাও উন্নয়ন দেখছি না।