ময়মনসিংহের দুই উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে স্ত্রীর সামনে স্বামী এবং ছেলের সামনে বাবা নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) বিকেলে জেলার ফুলপুর ও নান্দাইল উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটে।
নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের রাজাবাড়িয়া বাজারের পাশে বজ্রপাতে আব্দুর রাশিদ মারা যান। নিহত আব্দুর রাশিদ (৬২) ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।
তিনি আরও বলেন, আব্দুর রাশিদ পেশায় কৃষক। তিনি রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি ওই ধান কাটছিলেন। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তার স্ত্রী অক্ষত রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
অন্যদিকে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, বিকেল ৩টার দিকে কঠুরাকান্দা গ্রামের নিজ বসতবাড়ির পাশে মইশাপুরি বিলে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তি ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত মহুর আলী মুন্সির ছেলে।
তিনি বলেন, বিকেল ৩টার দিকে আব্দুল কুদ্দুসসহ সাতজন ধান কাটার শ্রমিক ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে অপর পাঁচ শ্রমিক ধানখেত থেকে উঠে আসেন, কিন্তু আব্দুল কুদ্দুস ও তার বড় ছেলে আব্দুল মালেক ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ছেলের সামনে বাবার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন