ময়মনসিংহ হত্যা মামলার ১৮ বছর পর তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।
রোববার (১০ মে) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় ৬ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক। অপর তিনজনকে খালাস দেওয়া হয়।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের ভিক্টিম নুরুল হকের বাড়ির পাশে বরই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেন। পরে ছেলেদের স্বজনরা শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে তিনজন হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন