ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি- সংগৃহীত

চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আনা হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।