ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

নিহরা হলেন, জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের ছেলে শিলা আক্তার (২৫), মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন দেবরাজ ঘোষ নামে এক জনের মৃত্যু হয়। আহত হয় অটোচালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এদিকে, অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

এসআই খালিদ বলেন, একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন আছে বলেও জানান তিনি।