ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫২ পিএম
নওগাঁ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭ জন এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় নির্বাচনের আচরণবিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।