ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নারী সেজে কেন পাম্পে তেল নিতে গেলেন যুবক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। এমন ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন।

ওই যুবকের পরিচয় পাওয়া না গেলেও নেটিজেনরা বলছেন, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন।

এ বিষয়ে মেসার্স মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। হঠাৎ করে বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।