নওগাঁ জেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং মানহীন পণ্য রোধে বিশেষ অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) সদর উপজেলায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে একটি বেকারিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি জ্বালানি তেলের মজুত ও পরিমাপ যাচাই করা হয়। অভিযান চলাকালে শহরের পার নওগাঁ এলাকায় অবস্থিত মেসার্স নাজমুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে বিধি মোতাবেক প্রয়োজনীয় তথ্য উল্লেখ করেনি এবং তাদের কোনো মোড়কজাত নিবন্ধন সনদও ছিল না। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধি দলটি বাইপাস রোডের মেসার্স গণি ফিলিং স্টেশন এবং সান্তাহার রোডের মেসার্স সোহাগ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। সেখানে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট পাম্পগুলোতে তেলের মজুত যাচাই করেন এবং সরবরাহ থাকা পর্যন্ত নিয়মিত বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখার নির্দেশ দেন।
এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে পেট্রোল পাম্প মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

