রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কয়েক লাখ থেকে কোটি টাকার বেশি হতে পারে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে মার্কেট এলাকায় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত ইউনিটগুলো কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে সহায়তা করে।
রেস্টুরেন্টের মালিক মেহেদী হাসান জানান, ভোরের দিকে ফোনে আগুনের খবর পেয়ে তারা দ্রুত মার্কেটে ছুটে আসেন। পাশের দোকানের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার দাবি, তাদের দোকানে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
মিষ্টির দোকানের মালিক সুকমল জানান, ফজরের আজানের পর এক কর্মচারীর ফোনে তিনি আগুনের খবর পান। দ্রুত বের হলেও পথে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা আগুন নেভাতে সহযোগিতা করেন। তিনি বলেন, তার দোকানে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মিষ্টি ও কাঁচামাল পুড়ে গেছে।


