ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গৃহবধূকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গৃহবধূর স্বামী ঘরের বাইরে বাথরুমে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দরজা ও গেট টপকে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহবধূর গলায় ছুরি ধরে জিম্মি করে এবং কিছুক্ষণ পর স্বামী ঘরে ফিরলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ভুক্তভোগী স্বামী জানান, দুর্বৃত্তরা তাকে ও তার তিন বছর বয়সী সন্তানকে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করে।

তার ভাষ্য, স্ত্রীর গলায় ছুরি ধরে রাখার পাশাপাশি তার গলাতেও অস্ত্র ঠেকানো হয় এবং সামান্য প্রতিবাদ করলে পুরো পরিবারকে হত্যার ভয় দেখানো হয়। ওই অবস্থায় আমি শুধু আমার পরিবারকে বাঁচানোর কথাই ভাবছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগে বলা হয়েছে, প্রধান অভিযুক্ত আফজাল খান (৩৮) ও তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সময় একজন স্বামীকে জিম্মি করে রাখে এবং আরেকজন শিশুটির দিকে অস্ত্র তাক করে রাখে, যাতে কেউ বাধা দিতে না পারে।

ঘটনার পর দুর্বৃত্তরা ভুক্তভোগীর স্বামীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

এছাড়া প্রধান অভিযুক্ত নিজেকে প্রভাবশালী মহলের লোক পরিচয় দিয়ে এবং স্থানীয় রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর চরম আতঙ্ক ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।