নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) চালকের গলায় ছুরিকাঘাত করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। ঘটনায় চালক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার ডাইং গলিতে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ করে পেছন দিক থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও জানান, চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
-20260521203811.webp)

