নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী–আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধন্দী এলাকার বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।
হামলায় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজীব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী–আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় হামলায় জড়িত ডাকাত দলের সদস্যরা। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন