ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সারকারখানার উৎপাদন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০১:৫০ এএম
ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি । ছবি : সংগৃহীত


তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি–এর সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। 

সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা যায়, দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব এই সারকারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ২ হাজার ৮৪০ মেট্রিক টন। কারখানাটি শতভাগ উৎপাদনে চালু ছিল। তবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, এই সারকারখানার উৎপাদন পুরোপুরি গ্যাসনির্ভর। নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যেতে দৈনিক ৭১–৭২ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন হয়। তবে ৫২–৫৩ পিএসআই গ্যাস পেলেও সীমিতভাবে উৎপাদন চালু রাখা সম্ভব।

কারখানা সূত্র আরও জানায়, উৎপাদন বন্ধ হলেও কারখানার গুদামে বর্তমানে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।

কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও পূর্ণমাত্রায় উৎপাদনে ফেরা সম্ভব হবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পলাশ কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে দায়িত্বরত ম্যানেজার আল আমীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।