দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানায় সার উৎপাদন আবারও শুরু হয়েছে।
টানা ২৭ দিন উৎপাদন বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস পাওয়ার পরে উৎপাদন প্রক্রিয়া আবার শুরু করেছে সার কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গত ৪ মার্চ বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। গ্যাস সংকটের কারণে টানা ২৭ দিন সার উৎপাদন বন্ধ থাকার পর পুনরায় ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।
গ্যাস পাওয়ার পর পাঁচ থেকে ছয় দিন সময় লাগে সার উৎপাদনে আসতে। ৪ অথবা ৫ এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদনে চালু ছিল সার কারখানাটি। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২ হাজার ৮০০ টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। সার উৎপাদন সম্পূর্ণ গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া। সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তা ছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা সম্ভব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন