ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

‘গুরুদাসপুরে সম্মিলিতভাবে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে’

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, ‘আর অটোপাশ নয়, এখন থেকে পড়াশোনা করেই পাস করতে হবে। শিক্ষা সমৃদ্ধ আদর্শ উপজেলা গড়তে সুষ্ঠু পরিবেশে পড়াশোনার বিকল্প নেই।’

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নবনির্বাচিত এমপি আব্দুল আজিজকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

তিনি বলেন, বিগত ১৭ বছরের আগ্রাসনে মেধাশূন্য করার নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। শিক্ষার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তাই মেধাসম্পন্ন প্রতিষ্ঠান গড়তে নারী-পুরুষ সম্মিলিতভাবে সাজিয়ে-গুছিয়ে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

উপজেলার সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, সাংবাদিক আলী আক্কাছ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আবু সাইদ, মো. আফসার আলী, আব্দুর রহমান ও মাসুদুল হক আলেক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইউসুফ আহমেদ ও নেগার সুলতানা। এ সময় মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।