নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহত সিবাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে বনপাড়া এলাকায় অবস্থিত বনলতা রি-ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম জানান, নাটোর–বনপাড়া মহাসড়কে একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্থানীয় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে কয়েকজন ব্যক্তি ওই ঘটনার দায় কারখানার ওপর চাপিয়ে কারখানায় এসে চাঁদা দাবি করেন। তবে কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে লোকজন জড়ো করে কারখানায় ভাঙচুর চালান এবং কর্মচারীদের ওপর হামলা করেন।
এ সময় অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ অন্তত চারজন আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

