ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক হত্যায় সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৪৫ পিএম
উপস্থিত আসামিদের কারাগারে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘ ২৭ বছর পর নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর আলমসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দু’জন পলাতক ও চারজন উপস্থিত ছিলেন।

নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু জানান, দীর্ঘদিন ধরেই সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সঙ্গে মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয় একাধিকবার।

এরই জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিংড়ার কলিগ্রামের মেছের আলীকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশি মছিরন বিবি। এর কিছু সময় পরে মেছের আলীর চিৎকারে প্রতিবেশিসহ পরিবারের লোকজন এগিয়ে গিয়ে মেছের আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মেছের আলীর ছেলে বাদী হয়ে আটজনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অন্য দু’জন মারা যাওয়ায় আগেই তাদের মামলা থেকে বাদ দেয়া হয়।