ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু, ডান হাত-পা বিচ্ছিন্ন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:০৫ পিএম
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় নিহত ওই যুবকের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ২৫০ গজ পূর্বদিকে রেললাইনের সেকশন ২২৭/১ ও ২২৭/২ এর মাঝামাঝি স্থানে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে।

বাগাতিপাড়া মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় নিহত যুবকের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এটি রেল দুর্ঘটনা হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই আশুতোষ কুমার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হলেও সেটির ছবির সঙ্গে নিহতের চেহারার মিল পাওয়া যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।