নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তাফা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে এ রায় দেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান মাসুম মোস্তাফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে নির্বাচন আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়।
আপিলের বিষয়ে মাসুম মোস্তাফা বলেন, ‘একটি অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল করার পর আমি আমার প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছি। এজন্য নির্বাচন কমিশন এবং আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা একই আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।



