ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় জমির আইল কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি- সংগৃহীত

‎নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় পৈত্রিক জমিজমাসংক্রান্ত পূর্বের বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

‎গুরুতর আহত সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০) ও শামীম মিয়া (২৩)-কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ৩ নারীসহ আরও ৭ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কচুয়ারচর নয়াবাড়ি গ্রামের সোহেল মিয়া ও তার চাচাতো ভাই জুলহাস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে বিরোধপূর্ণ জমির আইল কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের লোকজন আহত হন।

‎মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।