ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:০৮ এএম
বহিষ্কৃত তিন বিএনপি ও ছাত্রদল নেতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের এক সংসদ সদস্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, সহিংসতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনা-৫ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি।