ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে জোটের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
পরে বিক্ষোভ মিছিলটি শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ট্রাংক রোড, ডাক্তারপাড়া মোড় ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, জামায়াতে ইসলামীর জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমীর হোসেন, এনসিপি জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনেকে মন্ত্রী ও সংসদ সদস্য হলেও এখন পর্যন্ত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে ১১ দলীয় জোট লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না। গণভোট বাস্তবায়ন না হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী অবস্থান নিয়েছে। তারা বলেন, কোনো সরকার যদি জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তারও একই পরিণতি হতে পারে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন