কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে চারটি ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় ওই চারটি ভাটা কিলন স্কেভেটর ব্যবহার করে আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
জরিমানাকৃত ভাটাগুলো হলো: সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার এমদাদুল হকের মালিকানাধীন মেসার্স সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুর এলাকার সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন মেসার্স বিপিএল-২ ব্রিকস, মো. এজাজ আহমেদের মালিকানাধীন মেসার্স এ এস বি ব্রিকস, কদমতলী নামক এলাকার মো. ওবায়দুল ইসলামের মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেড।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫ (১) ধারা লংঘনের দায়ে ওই চারটি ভাটায় জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে সৈয়দপুর উপজেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন