ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বর কনেসহ আহত ১২

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১১:২৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর কনেসহ অন্তত ১২ জন আহত হয় । শনিবার (১৭ জুলাই) ভোর রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (১৮) এইচএসসি পরিক্ষার্থী।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে বরযাত্রী কনেকে নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিল। মাইক্রোবাসে ১৪ জন ছিল। রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা বর কনেসহ অন্তত ১৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১২ জনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পরে দুজনকে মৃত ঘোষণা করা হয় এবং ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশের ওসি আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।