ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৯:২২ এএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ছবি : সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এটি ইউনিটটির কমিশনিং কার্যক্রম ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

মঙ্গলবার (১২ মে) রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে ধাপে ধাপে মোট ১৬৩টি ফ্রেশ পারমাণবিক জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। চলতি বছরের ২৮ এপ্রিল জ্বালানি লোডিং শুরু হয় এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড এবং পরিচালনাগত বিধিমালা মেনে প্রাথমিক কোর লোডিং সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন, ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্তি এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে।

এ ছাড়া, ধাপে ধাপে রিঅ্যাক্টরকে নিয়ন্ত্রিত বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার দিকে এগিয়ে নেওয়া হবে।

প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে প্রায় ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে, চলতি বছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং শুরু হতে পারে।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।