পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে কৃষি শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের কয়েক ঘণ্টা পর জামিল হোসেন (৫০) নামে ওই কৃষি শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের আবু মণ্ডলের ছেলে। অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ আলী ভাঙ্গুড়া উপজেলার চড়-ভাঙ্গুড়া গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, প্রায় ২০ দিন আগে ধান মাড়াইয়ের কাজ করতে জামিল হোসেন তার মেয়ে, মেয়ের জামাই ও চাচাতো ভাইকে নিয়ে ভাঙ্গুড়া উপজেলায় আসেন। তারা উপজেলার কৈডাঙ্গা গ্রামে স্থানীয় সোহেল ডাক্তারের একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং ধান মাড়াইয়ের মেশিন দিয়ে গ্রামে গ্রামে ধান মাড়াই করতেন।
শনিবার (২০ জুন) বিকেলে বিএনপি নেতা ইউসুফ আলী জামিল হোসেনকে তার ধান মাড়াইয়ের কাজ করতে ডাকেন। জামিল কিছুটা দেরি হবে বলে জানালে ইউসুফ ক্ষিপ্ত হয়ে ধান মাড়াই মেশিনের চাবি কেড়ে নেন। কিছু সময় পর চাবি ফেরত চাইলে সেই চাবি দিয়েই জামিলকে বেদম মারধর করে জোরপূর্বক ধান মাড়াইয়ের কাজে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক দীর্ঘ সময় ধরে ধান মাড়াই করান।
কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে জামিল হোসেন অসুস্থতা অনুভব করলে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মেয়ের জামাই আব্দুল কাদের বলেন, ঘটনার পর বিএনপি নেতা ইউসুফ আলী দ্রুত মরদেহ নিয়ে চলে যাওয়ার জন্য তাদের চাপ দিতে থাকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভাঙ্গুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।
অভিযুক্ত ইউসুফ আলীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক বলেন, আমি বিষয়টি সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। কোনো ব্যক্তির ব্যক্তিগত দায় দল নিতে পারে না। ইউসুফ আলীর বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোববার (২১ জুন) পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন