বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পর পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন হেলাল উদ্দিন মুন্সী। তিনি বিএনপির ৯ নম্বর নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বিএনপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাউফল উপজেলা শাখার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপির সব পদ-পদবি ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বিএনপি বাউফল উপজেলা শাখার সদস্য সচিব আবুল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের আদর্শ অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, হেলাল উদ্দিন মুন্সীর দল পরিবর্তন এবং পরবর্তী বহিষ্কারের ঘটনায় বাউফল উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা এলাকায় রাজনীতির সমীকরণে প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সদ্য বহিষ্কৃত হেলাল উদ্দিন মুন্সী। বর্তমানে তিনি বিএনপির থানা কমিটির সদস্য এবং নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন