ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদা দিতে অস্বীকৃতি, দোকানিকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৩০ পিএম
লুটপাট-ভাঙচুর করা দোকান। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে অস্বীকৃতির জেরে একটি মুদি দোকানে লুটপাট, ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ডিয়ারা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়। এ সময় তারা দোকানে থাকা বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দোকান মালিক আবুল হোসেনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত দোকানি আবুল হোসেন জানান, গত তিন থেকে চার দিন ধরে সোহেল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে দোকানে হামলা চালানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোহেল রাঢ়ি বলেন, ‘আমি কোনো চাঁদা চাইনি। আবুল হোসেন বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কারা তার দোকান ভাঙচুর করেছে, আমি জানি না।’

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘জামায়াতের আমির বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’