পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের বাসিন্দা এবং মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে থাকা গরু আনতে যান মজিবর সরদার। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

