রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারি ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করেন জসিম। এ সময় ভারি ফিডের বস্তা তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

