রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দিবস উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী আয়োজিত প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে গান ও নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
এ ছাড়া সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর অন্যান্য উপাসনালয়গুলোতেও যিশু খ্রিষ্টকে স্মরণ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিষ্টান পল্লিগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে।
ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী সর্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন