রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) নামে দুই কৃষক স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে যান। আকাশের আবহাওয়া খারাপ হলে পুকুরের পাশে একটি টিনের ছাউনিতে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সেই ছাউনিতে থাকা ওই দুই কৃষকসহ অন্তত ১২ জন বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আশংকাজনক অবস্থায় তালেব উদ্দিন ও মিলনসহ আহতদের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান। আমরা সেখান থেকে উপজেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জন মৃত্যুর বিষয়টি জানান। এ ছাড়াও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য আহতদের রংপুরে রেফার্ড করা হয়েছে কিন্তু আমরা কোনো তথ্য পাইনি।
মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাতাশে ভেসে আসছে কান্নার শব্দ। স্তব্দ হয়ে গেছে পুরো এলাকা।


