ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোমরা স্থলবন্দর দিয়ে ২১ হাজার টন চাল আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৪৪ পিএম
ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির ধুম। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে ও সরকারি মজুত বাড়াতে আমদানিতে জোর দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির ধুম পড়েছে। বছরের প্রথম ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৩৫ দিনে এই বন্দর দিয়ে মোট ২১ হাজার ৭২৪ টন চাল দেশে প্রবেশ করেছে।

ভোমরা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা দ্রুততার সঙ্গে ভারত থেকে চাল আনা শুরু করেছেন। মূলত বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামাল জানান, খাদ্য অধিদপ্তর থেকে নতুন করে লক্ষাধিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশের অন্যান্য বন্দরের মতো ভোমরা দিয়েও বড় পরিসরে চাল আসছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত পণ্য খালাসের বিষয়টি তদারকি করছে।

ব্যবসায়ীরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভোমরা স্থলবন্দর আমদানিকারকদের কাছে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। 

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ভোমরা এখন পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। এখানে পণ্য খালাসে সময় কম লাগে এবং ব্যবসায়িক পরিবেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত। এ কারণে অন্যান্য বন্দরের তুলনায় ব্যবসায়ীরা এখান দিয়ে চাল আমদানিতে বেশি আগ্রহী হচ্ছেন।

ভোমরা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা মনে করছেন, চালের এই বিশাল চালান বাজারে পৌঁছালে সাধারণ মানুষের ওপর বাড়তি দামের চাপ কমবে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতিতেও এই বন্দর বড় ভূমিকা রাখবে। 

কাস্টমস কর্তৃপক্ষের তথ্যমতে, নির্বাচনের আগ পর্যন্ত চাল আমদানির এই ধারা অব্যাহত থাকতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।