ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:২৪ পিএম
ভোমরা স্থলবন্দর। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১, ১২ ও সাপ্তাহিক ছুটি ১৩ ফেব্রুয়ারি (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় ট্রাক, চালক ও হেলপারদের সরকারি পার্কিং ইয়ার্ডের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলা খালি ট্রাক ও পণ্যবাহী ট্রাকগুলো রাস্তায় না রেখে নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে।

তবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে এবং স্বাভাবিকভাবে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।