সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের নিহত জেলে আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত জেলের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় খুলনার জেলা প্রশাসকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাবুরার জেলে আমিনুর ইসলামের আকস্মিক মৃত্যুর পর তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ডা. এম. মনিরুজ্জামান সংশ্লিষ্ট মহলের নজরে আনেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে দ্রুত ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলো প্রতিনিয়ত নানা প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করে। এমন সংকটময় সময়ে নিহত জেলের পরিবারের পাশে দাঁড়িয়ে এই আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও অসহায়, দুর্গত ও শ্রমজীবী মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যরা তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

