শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত সাতটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
আদালত সূত্রে জানা গেছে, মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স চমক ব্রিকস ও মেসার্স এফআর জিগজ্যাগ ব্রিকসের প্রতি মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস ও মেসার্স সরকার ব্রিকসের প্রতি মালিককে তিন লাখ টাকা করে এবং মেসার্স রিজন ব্রিকসের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত চলাকালে জেলা প্রশাসন, জেলা পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, নকলা থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


