ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেজাল সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:১৩ এএম
নালিতাবাড়ীর সন্ন্যাসীভিটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে আবু সালেহ নামের এক সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ন্যাসীভিটা বাজারে অনুমোদনবিহীন অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। 

অভিযানের সময় বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও ভেজাল সার বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।