সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. কামরুল ইসলাম (পিতা. মো. মানিক মিয়া), গ্রাম-আহম্মদপুর, উপজেলা-সুজানগর, জেলা-পাবনাকে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি অবৈধভাবে পুকুর খননের কাজে একটি এক্সকাভেটর ব্যবহার করছিলেন। এর প্রমাণ পাওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে পুকুর খননের কাজে নিজের এক্সকাভেটর ব্যবহার করবেন না- এই মর্মে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকাও গ্রহণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও পুকুর খননের ফলে কৃষিজমি, পরিবেশ এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে তাড়াশ উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


