সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচটি বিলের প্রায় ২০ হাজার একর জমির স্থায়ী জলাবদ্ধতা দূর করতে ভাগলপুর–কয়ড়া নদী খাল খনন করা হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
এ উপলক্ষে কয়ড়ায় আয়োজিত সমাবেশে বিরোধী দলীয় হুইপ বলেন, ‘বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির আওতায় এই খালটি খনন করা হচ্ছে। এছাড়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এটি তার নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির মধ্যেও ছিল। দেড় কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হলে উপজেলার দুর্গানগর, উল্লাপাড়া সদর ও কয়ড়া ইউনিয়নের মানতালা, মাদারবাড়ীয়া, রুপারখাপাল, ভদ্রকোল ও ভাগলপুর বিলের প্রায় ২০ হাজার একর জমির জলাবদ্ধতা দূর হবে।’
তিনি আরও বলেন, ‘এতে এসব জমিতে বছরে তিনবার পর্যন্ত ফসল ফলানো সম্ভব হবে। ফলে কৃষকেরা উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি এ ব্যাপারে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।’
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুর বারী, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

