সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজছাত্রীকে নিয়ে ওই কলেজের এক শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা থানায় সাধারণ ডায়েরির করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী (১৭) মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
পরিবারের দাবি, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম তাকে নিয়ে পালিয়েছেন। অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম (৪২) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজে কর্মরত রয়েছেন।
শিক্ষার্থীর মা বেলী রানী বলেন, ‘মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, কলেজের শিক্ষক রবিউল আলমের সঙ্গে সে চলে গেছে।’ এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, জিডি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন