শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চান। অতীতে জনগণের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনেই তিনি এ পর্যায়ে এসেছেন উল্লেখ করে আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজ সংসদীয় এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং দলীয় নির্বাচনী ইশতেহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুসহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।



