সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০–৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও অভিযানে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন