টাঙ্গাইলের মধুপুরে আমেরিকান এক চিকিৎসক দম্পতির বসবাসরত বাড়ির সামনে পড়ে থাকা একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ী এলাকায় ‘ডা. এড্রিক বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিয়িং’-এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত আমেরিকান চিকিৎসক জেসিন ও তার স্ত্রী মেরিন্ড তাদের বাসার সামনে ড্রোন ক্যামেরাটি পড়ে থাকতে দেখেন।
পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে সংগঠনটির নির্বাহী পরিচালক পিজন নংমিনকে জানান। তার নেতৃত্বে সহকর্মীদের সহায়তায় সকাল ৯টার দিকে ড্রোনটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ড্রোন ক্যামেরাটি মধুপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংগঠনটির নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, বিদেশি চিকিৎসকরা এই এলাকায় মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনটি কোথা থেকে এসেছে বা কারা এটি পরিচালনা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আমরা দ্রুত পুলিশকে অবহিত করেছি।
তিনি আরও বলেন, প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এ বিষয়ে মধুপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রোন ক্যামেরাটি অচল। তবে এটি কীভাবে ওই স্থানে এলো, কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন।

