টাঙ্গাইলের ঘাটাইলের সিঙ্গুরিয়া এলাকায় ইটভাটার আগুন ও বিষাক্ত ধোঁয়ায় প্রায় আড়াই শ বিঘা জমির পাকা বোরো ধান পুড়ে নষ্ট হয়েছে। কাটার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতিতে পথে বসার শঙ্কায় পড়েছেন শতাধিক কৃষক।
বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত সব ঠিক থাকলেও এক রাতের ব্যবধানে বৃহস্পতিবার সকালে খেতে গিয়ে কৃষকরা দেখেন ধানের শীষ পুড়ে চিটা, গাছ শুকিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শেষ হয়ে গেছে পুরো মৌসুমের স্বপ্ন।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিঙ্গুরিয়া এলাকায় গড়ে ওঠা অন্তত পাঁচটি ইটভাটার আগুন ও ঘন ধোঁয়ায় ইরি ও বোরো ধান ঝলসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে এসেছে হাহাকার।
ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী বলেন, ‘এক রাতেই সব শেষ। চোখের সামনে ধান পুড়ে গেল, কিছুই করার ছিল না।’
জমির মালিক ও বর্গাচাষিরা জানান, প্রতি বিঘায় ৪০-৫০ হাজার টাকা ব্যয়ে ডিজেলচালিত শ্যালো মেশিনে চাষাবাদ করেছেন তারা। ধান ঘরে তুলতে না পারায় এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাতে হবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ একাধিক কৃষক বলেন, ‘এই ধানই ছিল সারা বছরের ভরসা। এখন না খেয়ে থাকার অবস্থা হবে।’
এদিকে অভিযোগের বিষয়ে ভাটার মালিকদের জবাব অস্পষ্ট। স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে বসে দেখা হবে।’
তবে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’



