ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গরু-মহিষের হাটে প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, উরস মেলার অজুহাতে গত তিন সপ্তাহ ধরে নির্ধারিত হারের চেয়ে বেশি টোল নেওয়া হচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গরু প্রতি টোল ৫৫০ টাকা নির্ধারিত থাকলেও বর্তমানে আদায় করা হচ্ছে ৬৫০ টাকা। ফলে প্রতি গরুতে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, মেলাকে কেন্দ্র করে ইজারাদার এই অতিরিক্ত টোল আদায় করছেন, যা নিয়মবহির্ভূত। এতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
গরু ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, ‘আগে ৫৫০ টাকা টোল নেওয়া হতো। হঠাৎ গত তিন সপ্তাহ ধরে ৬৫০ টাকা নেওয়া হচ্ছে। আমরা বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছি। প্রশাসন যদি ব্যবস্থা নেন, আমরা উপকৃত হবো।’
ক্রেতা মৌদুদ আহমেদ বলেন, ‘গরু প্রতি ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। প্রশাসনের নজরদারি খুবই জরুরি।’
এ বিষয়ে ইজারাদার আবু বক্কর সিদ্দিক মানিক মুঠোফোনে বলেন, ‘অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে—পারলে নিউজ করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, ‘নির্ধারিত টোলের চেয়ে বেশি আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কিন্তু দিন শেষে কোন পদক্ষেপ দেখা যায়নি।


