ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৪টি ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেসার্স ডি স্টার ব্রিকস নামের ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বেশ কিছু ইটভাটা জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন অসাধু ব্যবসায়ীরা। মঙ্গলবার(২১ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ওই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইটভাটাগুলোকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। এ ছাড়াও এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস, এস বি এস ব্রিকস এবং মেসার্স এম বি এস ব্রিকস নামক প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে জরিমানা করেন এবং জরিমানার টাকা আদায় করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মো. তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

